২৭ জুলাই: সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা (NEET)-এর প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় অনিয়মের দাবিতে গত ২৪ জুলাই কলকাতায় একাধিক সংগঠনের ডাকা মহামিছিল চলাকালীন ধর্মতলায় কর্তব্যরত সাংবাদিক ও চিত্রসাংবাদিকদের উপর সংঘটিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে ইন্দো বাংলা প্রেস ক্লাব। এমনকী পথে নেমে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ক্লাব সদস্যরাও।
২৪ জুলাই আন্দোলনের আড়ালে কর্তব্যরত একাধিক সাংবাদিক ও চিত্রসাংবাদিকের উপর যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এই ঘটনায় বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী গুরুতর আহত হন এবং তাদের হাসপাতালে চিকিৎসা নিতে হয়। পাশাপাশি, কর্তব্যরত নারী সাংবাদিকরাও সংঘবদ্ধ জনতার হামলা ও হেনস্তার শিকার হন।
সংবাদ সংগ্রহ ও সংবাদ পরিবেশনের কাজে নিয়োজিত সাংবাদিকদের উপর যে কোনও ধরনের হামলা, হিংসা, ভয়ভীতি প্রদর্শন, হেনস্তা কিংবা তাদের কর্তব্য পালনে বাধা সৃষ্টি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার উপর এ ধরনের আক্রমণ গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।
ইন্দো বাংলা প্রেস ক্লাব এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে কর্তব্যরত সাংবাদিক ও চিত্রসাংবাদিকরা নির্বিঘ্নে, নিরাপদে ও মর্যাদার সঙ্গে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে। এই ঘটনার প্রতিবাদে ইন্দো বাংলা প্রেস ক্লাবের সদস্যরা পথে নেমে প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন এবং সাংবাদিকদের নিরাপত্তা ও সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন।
